রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় মোট ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টার এই অভিযানে রাজধানীর বিভিন্ন অপরাধ বিভাগে গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে ১৩৬ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, ওয়ারী বিভাগে ৫৮ জন, গুলশান বিভাগে ৫৭ জন, লালবাগ বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৩২ জন, রমনা বিভাগে ৩১ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, গোয়েন্দা বিভাগে ১০ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে ২ জন রয়েছেন।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন চোরাই ও অবৈধ মালামাল জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ৪টি মোটরসাইকেল, ৪টি সিএনজি, ৫টি ভুয়া নম্বর প্লেট, ১ হাজার ২৬৬ পিস ভারতীয় শাড়ি, ২টি মনিটর, ৮টি মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত ১৬টি ডালি, ৮টি চাবি, একটি কাটার কাঁচি ও একটি ছিটকিনি।
এছাড়া মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে ২৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৭ হাজার ২১২ পিস ইয়াবা, ৫ দশমিক ৫ গ্রাম হেরোইন এবং ৪৪০ বোতল এসকাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও শৃঙ্খলা বজায় রাখতে এই নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।