পটুয়াখালীর বাউফলে ৪৫ পিস ইয়াবা ও গাঁজাসহ খোকন দফাদার (৪৫) নামের এক স্থানীয় শ্রমিকদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে বগা পুলিশ ফাঁড়ির একটি টিম ছদ্মবেশে ক্রেতা সেজে খোকন দফাদারের কাছে যায়। এ সময় তার তল্লাশি চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৪ হাজার ৪৬০ টাকা, একটি ছোট ছোরা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার খোকন দফাদার উপজেলার বগা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক। পুলিশ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বগা ইউনিয়নে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।