বলিউডের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’-এর জনপ্রিয় গান ‘শররাত’-এর মাধ্যমে দারুণ জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী আয়শা খান সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনামিকায় হীরের আংটি পরা ছবি শেয়ার করার পর থেকেই ভক্তদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে— তবে কি গোপনে বাগদান সেরে ফেলেছেন এই অভিনেত্রী?

সম্প্রতি এক সাক্ষাৎকারে জনপ্রিয় গান ‘শররাত’ এর শুটিংয়ের পেছনের সংগ্রামের কথা শেয়ার করেছেন আয়শা খান। তিনি জানান, টানা দুদিন ধরে চলা ওই শুটিংয়ের সময় তার ঋতুস্রাব চলছিল। প্রচণ্ড শারীরিক কষ্ট, ফোলা মুখ এবং কম সময়ের মধ্যে নিখুঁত কাজ দেওয়ার চাপের কারণে তার হাড়ে ব্যথা করছিল। একপর্যায়ে অতিরিক্ত মানসিক ও শারীরিক ক্লান্তিতে তিনি কেঁদে ফেলেন। তবে সেই কান্না ছিল কাজের সফল সমাপ্তির আনন্দ ও আবেগের বহিঃপ্রকাশ।

এক রহস্যময় পুরুষকে নিয়ে একগুচ্ছ ছবি ফেসবুকে পোস্ট করেন আয়শা। ছবিতে তার হাতের হীরের আংটিটি বিশেষভাবে নজর কেড়েছে। তবে ছবিগুলোর ক্যাপশনে তিনি শুধু ‘একটা স্বপ্ন’ (A dream) বলে উল্লেখ করেছেন, যা জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। নেটিজেনদের একাংশের ধারণা, এটি কোনো গহনার ব্র্যান্ডের ফটোশুটের অংশও হতে পারে। তবে এ বিষয়ে অভিনেত্রী নিজে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা ঘোষণা দেননি।

এর আগে দিল্লির যন্তর-মন্তরে ছাত্র আন্দোলনের সময় তাদের সমর্থন জানাতে গিয়ে মুম্বাই পুলিশ কর্তৃক আটক হওয়ার ঘটনায়ও আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। পর্দার পেছনের নানা অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্তের জন্য ভক্তদের মাঝে সবসময়ই চর্চায় থাকেন আয়শা খান।