লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত অন্যরা হলেন— নেতা মির্জা সুমন ও রাকিব। এর আগে রোববার সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। তবে সোমবার নির্ধারিত সময়ে মাহদীসহ ওই তিনজন ছাড়া আন্দোলনকারী অন্য কাউকে কোর্ট মসজিদ এলাকায় দেখা যায়নি।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই ‘ছাত্রজনতার ব্যানারে’ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। এলাকায় বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসন এতে অনুমতি দেয়নি। এরপরও প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মাহদীসহ তিনজনকে আটক করা হয়।