টাঙ্গাইলের মধুপুরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মধুপুর সরকারি কলেজের হল রুমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), মধুপুর এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে সনাক সদস্য, তরুণদের সংগঠন ‘ইয়েস’-এর সদস্য, গণমাধ্যমকর্মী ও মধুপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। মধুপুর সনাক সভাপতি মো. বজলুর রশিদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ নিখিল চন্দ্র দাস।

প্রধান অতিথির বক্তব্যে নিখিল চন্দ্র দাস বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ জনগণকে সচেতন করার পাশাপাশি তরুণদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতে টিআইবির এ উদ্যোগ প্রশংসনীয়।

টিআইবি-সনাক মধুপুরের এরিয়া কোঅর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া স্রংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক হুমায়ুন কবীর, সনাক সদস্য ও সাংবাদিক মো. লিটন সরকার, দেবাষীশ গোস্বামী এবং ইয়েস নেতারা শুভেচ্ছা বক্তব্য দেন।

প্রশিক্ষণ ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান সনাক সদস্য দেবাষীশ গোস্বামী।