মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের দিকনির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানি মালামাল, মাদকদ্রব্য কিংবা নারী ও শিশু পাচার হতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ০০৫০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানতে পারে যে, চারঘাট থানাধীন মুক্তারপুর নদীর পাড় বালুরঘাট নামক স্থান দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সেখানে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর দেখা যায়, দুজন ব্যক্তির একজন মাথায় বস্তা এবং অন্যজন খালি হাতে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করছেন।

তৎক্ষণাৎ তাদের ধরার জন্য ধাওয়া করলে লোকটির নিকট থাকা বস্তাটি ফেলে দুজনেই পালিয়ে যান। পরবর্তীতে টহল দল কর্তৃক বস্তাটি খুলে তার মধ্য থেকে ১৮৬ বোতল ভারতীয় Triprolidine Hydrochloride & Codeine Phosphate Eskuf Syrup (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মালামাল চারঘাট মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট চোরাকারবারিকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।