জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই এলাকায় পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে। ব্যারিকেডের ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যেকোনো অবনতি বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পাশেই একটি জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, সকাল থেকে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। ৩২ নম্বরের পশ্চিম পাশসহ আশপাশের এলাকায় পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেছে। একই সঙ্গে সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপরও কড়া নজরদারি রাখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই থেকে এলাকাটিতে সাধারণ মানুষের প্রবেশ সীমিত ও নিয়ন্ত্রিত রয়েছে। আজ ১৫ আগস্টের এই দিনটিকে কেন্দ্র করে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে।