টাঙ্গাইলের মধুপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে হালিম ফকির (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হালিম ফকির উপজেলার ভবানীটেকি গ্রামের মৃত হায়দার আলী ফকিরের ছেলে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে মধুপুর উপজেলার ভবানীটেকি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত হায়দার আলী ফকিরের দুই ছেলে হবিবুর রহমান ফকির ও আব্দুল হালিম ফকিরের মধ্যে পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে আব্দুল হালিম গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মারামারির ঘটনায় আব্দুল হালিম আহত হয়ে হাসপাতালে আনার পর মারা গেছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।