রাজধানীর তুরাগ থানায় মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ, পূর্ব শত্রুতা ও দ্বন্দ্বের জেরে সজীব হাসান ওরফে সজীব (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৬টায় ডিএমপির তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সজীব গাজীপুর জেলার জয়দেবপুর থানার বাঁশখাটিয়া গ্রামের মৃত নুরুজামালের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তুরাগ থানার ৫৩ নম্বর ওয়ার্ড নলভোগ পূর্বপাড়া এলাকার কফিল উদ্দিন মেম্বারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। সজীব ও অভিযুক্ত রুবেল উভয়েই মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। মাদক বিক্রির টাকা কম দেওয়া এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে রুবেলের মারধরের শিকার হন সজীব।
স্থানীয় এক বাসিন্দা জানান, বৃহস্পতিবার রাতে রূপায়ন সিটির ভেতর শ্রমিক মেসের সামনে মাদক সংক্রান্ত টাকাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী রুবেলসহ ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি কাঠের টুকরো দিয়ে সজীবের শরীরে আঘাত করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরা ১১ নম্বর সেক্টর শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, সজীবের শরীরের বিভিন্ন অংশে ফোলা জখম, কালো দাগসহ আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রাতে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত রুবেল কিছুদিন আগে একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জামিনে ছিলেন। মামলার প্রধান আসামি রুবেলকে গ্রেফতারে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।